• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণভোটে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরির আহ্বান আলী রীয়াজের


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৫১ পিএম
গণভোটে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরির আহ্বান আলী রীয়াজের

ছবি: প্রতিনিধি

পরপর তিনটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এসব নির্বাচনের কারণে মানুষ ভোটের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। এতে দেশের বিদ্যমান আইনে কোনো ধরনের বাধা নেই।

তিনি আরও বলেন, কে ক্ষমতায় গেল, কে গেল না তা মুখ্য বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচন করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা এ বিষয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে, তাদের অপচেষ্টা ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!