• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬, ১১:৩৭ এএম
রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি পদ। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কতদিন দায়িত্বে থাকবেন—তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি সংসদীয় প্রক্রিয়ায় অপসারণের মুখে পড়বেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও জনমনে নানা জল্পনা তৈরি হয়েছে।

সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণ করতে হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া প্রয়োজন। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার আপাতত এ ধরনের পদক্ষেপে আগ্রহী নয় বলে দলটির বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দলটি কৌশলী অবস্থান নিতে চায় বলেও জানা গেছে।

রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে—রাষ্ট্রপতি নিয়োগের সময়কাল নিয়েও বিএনপি হিসাব-নিকাশ করছে। এখন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হলে সরকারের মেয়াদের সঙ্গে তার পাঁচ বছরের মেয়াদও শেষ হয়ে যাবে। কিন্তু কিছুটা সময় পরে নিয়োগ দিলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারেন—এমন বিশ্লেষণও সামনে আসছে।

এদিকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। বয়স ও অভিজ্ঞতার কারণে তাকে সম্মানজনক এই পদে বিবেচনা করা হতে পারে বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে।

তবে সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়ের নামও। শেষ পর্যন্ত কে এই পদে আসবেন, তা অনেকটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং তিনি সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। তবে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা জোরদার হয়েছে।

এম

Wordbridge School
Link copied!