• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:১০ পিএম
বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

ছবি: প্রতিনিধি

নিরাপত্তার অভাব ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন। নির্বাচনের মাত্র দুই দিন আগে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন জানান, গত রোববার দুপুরে বিদেশ থেকে মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিলে তিনি নিজে এবং তাঁর নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, এই আসনে সমান সুযোগের পরিবেশ নেই। এসব কারণ বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

কাজী খাইরুজ্জামান শিপন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!