ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে। আজ শনিবার ভোররাত ছয়টার দিকে এই ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ। অন্যজন মিছিলে ব্যবহৃত মাইক্রোবাসের চালক রুবেল।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। তারা ব্যানার প্রদর্শন করে ঝটিকা মিছিল বের করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত সেখানে অপেক্ষমাণ একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে উঠে ক্যাম্পাস ত্যাগের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিম ধাওয়া করে গাড়িটি জব্দ করে এবং শিক্ষার্থী নাসিফ ও চালককে হাতেনাতে ধরে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, প্রক্টোরিয়াল টিম ঝটিকা মিছিলের খবর পাওয়া মাত্র অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রক্টোরিয়াল টিম সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, রাজু ভাস্কর্য এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পেছনে আর কারা জড়িত ছিল এবং কার নির্দেশে তারা ক্যাম্পাসে এমন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ



-20260502070655.gif)



































