• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০২৬, ০২:০৯ পিএম
শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান উন্নয়নে তাদের বেতন কাঠামো বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং ভবিষ্যতে এই বরাদ্দ মোট বাজেটের অন্তত ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার বিষয়েও তিনি তার সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।

শিক্ষার্থীদের সহায়তায় নতুন পদক্ষেপের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে। এছাড়া নারী শিক্ষার প্রসারে আগে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা ফ্রি থাকলেও এখন থেকে স্নাতক (অনার্স) পর্যন্ত কোনো বেতন লাগবে না। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কার্যক্রম আরও জোরদার করার আশ্বাসও দেন তিনি।

বন্যার্ত ও গ্রামীণ অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ইতোমধ্যে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম আরও গতিশীল করা হবে। চলমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করবে।

এসএইচ 

Link copied!