নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এক ঠিকাদারকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুভ, তিনি নাটোর জেলা ছাত্রদলের একজন সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)’ শীর্ষক কাজ চলছে মাছিমপুর এলাকায়। প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকার এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শুভসহ ৮-১০ জন প্রকল্প এলাকায় গিয়ে কাজের মান নিয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে শুভ ওই ঠিকাদারকে থাপ্পড় দেন।
অভিযোগের বিষয়ে শুভ বলেন, স্টেডিয়ামের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলা হয়, যা থেকে উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, প্রকল্পে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। তবে এভাবে শারীরিকভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলের কোনো কর্মী এ ধরনের প্রকল্প তদন্তের দায়িত্বপ্রাপ্ত নয়। যদি কেউ অনিয়ম দেখতে পায়, তবে তা যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত। ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এম







































