• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করছেন জয়নব বিবি


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৪:৫৬ পিএম
৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করছেন জয়নব বিবি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের জমির উদ্দিন ও জয়নব বিবির জীবন মানবিকতা ও দাম্পত্য ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। বিয়ের ১৫ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেন জমির উদ্দিন। সেই থেকে ৩২ বছর ধরে জয়নব বিবি স্বামীকে নিয়ে সংসারের দায়িত্ব পালন করছেন।

প্রতিদিনের শুরু হয় স্বামীর গোসল ও খাওয়ানোর মধ্য দিয়ে। চিকিৎসা, দৈনন্দিন কাজ থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে পাশে থাকেন তিনি। অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ বা শারীরিক কষ্ট—কোনো কিছুই তাকে থামাতে পারেনি।

স্থানীয়রা জানান, জয়নব বিবি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন আদর্শ সেবিকা। নিজের কষ্ট ভুলে স্বামীর মুখে হাসি ফোটাতেই তার জীবনের সব প্রচেষ্টা। জয়নব বিবি বলেন, ইসলাম ধর্মে স্বামীর সেবা করা কর্তব্য হিসেবে রয়েছে, তাই তিনি ভালোবেসে এটি অব্যাহত রাখবেন।

স্বামী জমির উদ্দিন জানান, তিনি পঙ্গু ও অন্ধ হলেও জয়নব বিবি কখনো তাকে ছেড়ে যাননি। ৩২ বছর ধরে তাঁর পাশে থাকা জয়নবকে পেয়ে তিনি ধন্য এবং প্রার্থনা করেন, তাদের ভালোবাসা চিরকাল অটুট থাকুক।

অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও পারস্পরিক মমতায় ভরপুর এই দম্পতির জীবন এখন এলাকায় আলোচনার বিষয়। জয়নব বিবি মানবিকতা, ত্যাগ ও দাম্পত্য ভালোবাসার প্রতীক হয়ে মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!