• ঢাকা
  • শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোলপাতার ক্ষেতে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ


বরিশাল অফিস ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩১ এএম
গোলপাতার ক্ষেতে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

বরিশাল সদর উপজেলায় গোলপাতার একটি ক্ষেতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬১)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত প্রায় সোয়া ৯টার দিকে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের উত্তর পাশে একটি গোলপাতার ক্ষেতে দেলোয়ার হোসেনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুরের বসুরহাট এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম

Wordbridge School
Link copied!