ফাইল ছবি
পাবনার সদর উপজেলার দুবলিয়া ঠাকুরপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসককে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র ওই এলাকার মৃত বিনোদ চন্দ্র মৈত্রের ছেলে। তিনি স্থানীয় সনাতন সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবেও পরিচিত।
ঘটনার পর থেকে এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমদিকে ভয়ে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতেও সাহস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে বৃন্দাবন মৈত্র দুবলিয়া বাজারের নিজের ফার্মেসি বন্ধ করে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর এক অজ্ঞাত ব্যক্তি রোগী দেখানোর কথা বলে তাঁকে বারান্দায় ডাকেন। বাইরে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত তাঁকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো হলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। লোকজন জড়ো হতে থাকলে অপহরণকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু ও সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলামসহ একটি প্রতিনিধিদল ওই চিকিৎসকের বাড়িতে যায়। তাঁরা পরিবারকে আশ্বস্ত করে জানান, কোনো অপশক্তিকে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সংসদ সদস্য নিজেও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান তাঁরা।
বৃন্দাবন মৈত্র বলেন, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কেন এমন ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। ভয়ে শুরুতে মামলা করতে চাননি, তবে প্রতিনিধিরা এসে সাহস দেওয়ার পর এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সংসদ সদস্যের রাজনৈতিক সহযোগী জহুরুল ইসলাম বলেন, দেশে বা এলাকায় কোনো অশুভ শক্তি যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক আছেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এসএইচ







































