ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়তউল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইউনুস আত্মগোপনে ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের হয়। সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত শুনানি গ্রহণ করেন এবং পরে দুই মামলায় জামিনের আদেশ দেন।
তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়েও তিনি নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন এবং আদালতে মামলা পরিচালনা করেছেন।
১৯৫২ সালের ৪ মে জন্ম নেওয়া ইউনুস একজন প্রবীণ রাজনীতিক, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত। তিনি ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পিএস







































