ছবি: প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কিটনাশক কিনতে বাজারে যাওয়ার পথে ফিরোজ নুর (৪২) নামের এক যুবকের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের তথ্য অনুযায়ী, ফিরোজ নুর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে বিরামপুর–নবাবগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে জানান, স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ







































