ছবি: প্রতিনিধি
ভোলায় মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে নারীকে হেনস্তার অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা কিচেন মার্কেটের ব্যবসায়ীরা অংশ নেন।
বক্তারা জানান, সম্প্রতি কিচেন মার্কেটে এক নারী ও তার ছেলেকে মারধর ও হেনস্তার অভিযোগে অভিযুক্ত কষাই লোকমানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে মার্কেট থেকে উচ্ছেদের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
তারা বলেন, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক নারী ও তার ছেলে গরুর মাংস কিনতে কিচেন মার্কেটের কষাই লোকমানের দোকানে যান। এ সময় মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে প্রতিবাদ করলে কথা–কাটাকাটির একপর্যায়ে লোকমান, তার ছেলে মো. ছাইফুল ও জসিমসহ কয়েকজন মিলে ওই নারী ও তার ছেলের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।
পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা আহতদের উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং কিচেন মার্কেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
বক্তারা আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত কষাই বিভিন্ন সময়ে ক্রেতাদের সঙ্গে অসদাচরণ করেছেন। তার বিরুদ্ধে প্রতারণা ও দুর্ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। মার্কেটের সুনাম রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন থেকে অভিযুক্ত কষাইকে মার্কেট থেকে উচ্ছেদ এবং নারী ও তার ছেলের ওপর হামলার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসএইচ


































-20260220112630.jpg)




