• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক ৫


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৪:০০ পিএম
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ আটক ৫

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দুইটার দিকে পাথরঘাটা থানাধীন কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া গ্রামের সোহাগ সরদার (৩২), মহিপুর থানার পশ্চিম খাজুরা গ্রামের মো. মঞ্জু মোল্লা (৩২), রাঙ্গাবালীর মৌডুবি গ্রামের মো. সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া থানার খলিলপুর গ্রামের মো. রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী গ্রামের বিল্লাল হাওলাদার (৪৫)।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। পরে জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসএইচ 

Link copied!