• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এজলাসে ভাঙচুর মামলায় বার সভাপতি কারাগারে


বরিশাল প্রতিনিধি   ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫৪ পিএম
এজলাসে ভাঙচুর মামলায় বার সভাপতি কারাগারে

ছবি : প্রতিনিধি

বরিশাল: আদালতে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন-কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারের পর বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেচুর রহমান বাচ্চু জানান, সভাপতিকে মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতে উপস্থাপন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, সভাপতির সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের অনুমতি চাওয়া হলেও আদালত তা মঞ্জুর করেননি।

আদালতের আদেশের পর একটি প্রিজন ভ্যানে করে সাদিকুর রহমান লিংকনকে জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার পটভূমিতে জানা যায়, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস-কে সোমবার একটি আদালত জামিন দেন। ওই জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিক্ষোভ কর্মসূচির একপর্যায়ে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এর পরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বার সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় পুলিশ, ডিবি, র‌্যাব ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!