• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরি মেরে যুবককে হত্যা


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৪ পিএম
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরি মেরে যুবককে হত্যা

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে দিনের বেলায় বাড়ির সামনে ছুরি মেরে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তার বাবার নাম শাহিন ইসলাম। বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়ায়। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়েছেন। তাকে ধরতে পুলিশ অপারেশন শুরু করেছে।
 
নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে সাব্বিরের মৃত্যু হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!