ছবি : সংগৃহীত
ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান (ইভলভিং)। আমরা শুনেছি তারা সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করতে যাচ্ছে, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত নথি আমাদের হাতে পৌঁছায়নি।’
আব্দুল মুক্তাদির বলেন, আগে নির্দিষ্ট দেশভেদে ১৯ শতাংশ পর্যন্ত রিসিপ্রোকাল ট্যারিফ ছিল। এখন ১৫ শতাংশ যে ট্যারিফের কথা বলা হচ্ছে, তা সবার জন্য অভিন্ন।
মন্ত্রী আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট” (গোপনীয়তা চুক্তি) ছিল আলোচনা চলাকালীন সময়ে। যেহেতু পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এ বিষয়ে এখনই আগাম কোনো মন্তব্য না করাই শ্রেয়।
বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্যগুলো এনে বাজারে জোগান দেয়, সেগুলোর দাম নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করেন।’
লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধির উদাহরণ টেনে তিনি বলেন, ‘৪০-৫০ টাকার লেবু হঠাৎ ১২০ টাকায় যাওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। কোনো সরবরাহ সংকটও ছিল না। প্রমাণ হলো–তিন দিনের মাথায় দাম আবার ৪০ টাকায় নেমে এসেছে। তার মানে কিছু মানুষ কেবল শূন্যতার সুযোগ নেয়ার চেষ্টা করেছিল।’
চাঁদাবাজির বিষয়ে আব্দুল মুক্তাদির বলেন, ‘চাঁদাবাজি বন্ধে আমি শুধু মুখে আশ্বাস দেব না, বরং কাজের মাধ্যমে তা করে দেখাব।’
পিএস

































-20260220112630.jpg)





