ছবি: প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া-তেতুলতলা সড়কে ৩৭ মিটার দৈর্ঘ্যের সংযোগ সেতু নির্মাণে ৩ কোটি ৬১ লাখ ৬১ হাজার ৫৮৬ টাকার বরাদ্দ থাকা সত্ত্বেও পাঁচ বছরেও কাজ শেষ হয়নি। ফলে ৭ থেকে ৮টি গ্রামের হাজারো মানুষ দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। বিকল্প পথে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা সময় ও অর্থ উভয়ের অপচয় ঘটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে এবং শেষ হওয়ার কথা ২০২১ সালের ডিসেম্বরে। কাজের দেরিতে শতশত যানবাহন ও স্থানীয় মানুষের নিত্য চলাচল সমস্যায় পড়েছে। পারাপারের জন্য যে বিকল্প সাঁকো রাখা হয়েছে, তা ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশু ও বৃদ্ধদের মধ্যে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এলজিইডি অর্থায়নে সেতুর নির্মাণ কাজ পেয়েছে টিএন অ্যান্ড এএসআই লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা দাবি করছেন, সেতুর কাজ দ্রুত শেষ করে সড়কটি ব্যবহারযোগ্য করা হোক। স্থানীয়দের মতে, স্কুলে যাতায়াত, চিকিৎসা সেবা ও বাজারে যাওয়ায় সমস্যা হচ্ছে।
মঠবাড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম জানান, ব্রিজটির ছাদ, বিম এবং এপ্রোচের কাজ এখনও বাকি রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি, তবে মেজরমেন্ট শেষে রি-টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
এসএইচ
































-20260220112630.jpg)






