• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:১৯ পিএম
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

ফাইল ছবি

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। রেজাউল করিম বাদশা বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। ৬ থেকে ১০ মার্চ আপিল দায়ের এবং ১১ মার্চ আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শেষে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানালে ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, শেরপুর-৩ আসনের ক্ষেত্রে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত ছিল। নতুন তফসিল অনুযায়ী সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে আগের ঘোষিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে।

এসএইচ 

Wordbridge School
Link copied!