• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা


ভোলা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:০৩ পিএম
দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

ছবি: প্রতিনিধি

ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এর আওতায় ভোলার দুইটি অভয়াশ্রমেও সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।

ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার—মোট ১৯০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময় ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও ডিম ছাড়ে ও বেড়ে ওঠে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞাকালে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের প্রণোদনা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। জাটকা রক্ষা কর্মসূচির আওতায় ভোলা জেলায় ৯০ হাজার ২০০ জেলে এ সহায়তা পাবেন। এ ছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার ৬০০ হতদরিদ্র জেলেকে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ কেজি তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ বিতরণ করা হবে।

ভোলা জেলায় ১ লাখ ৬৭ হাজার ৯৩০ জন নিবন্ধিত জেলে রয়েছেন। নিবন্ধনের বাইরে আরও প্রায় দুই লাখ জেলে মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে জেলার ১৩২টি মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে মৎস্য বিভাগ। পাশাপাশি অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে জেলেদের অভিযোগ, প্রতিবছর তারা সরকারি নির্দেশনা মেনে চললেও প্রভাবশালীরা অবৈধ জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ নিধন করেন। এতে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হন। নিষেধাজ্ঞার দুই মাস তাদের খুব কষ্টে কাটে বলেও জানান তারা। অনেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারেন না এবং বিকল্প কাজও জোটে না। বরাদ্দ চাল সময়মতো বিতরণ ও এনজিও ঋণের কিস্তি স্থগিতের দাবি জানিয়েছেন তারা।

ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, জেলেদের জন্য বরাদ্দ চাল যথাসময়ে বিতরণ করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!