• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে কলেজ ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


নোয়াখালী প্রতিনিধি মার্চ ৫, ২০২৬, ০৫:৪৩ পিএম
যে কারণে কলেজ ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদ উদ্দিন কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা “চোরে রান্ধে, চোরে খায়—ক্লাস শুরু কয়টায়” লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।

বৃহস্পতিবার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়, নামে–বেনামে বিভিন্ন ফি নেওয়া, আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া তিনি নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হন না বলেও অভিযোগ করেন তারা। এসব কারণে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন।

তাদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে অধ্যক্ষ জামসেদ উদ্দিন কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমি একমত। তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

এসএইচ 

Wordbridge School
Link copied!