• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকে প্রেমের পর বিয়ে, ৪ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা


কুড়িগ্রাম প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২৬, ০৯:১৯ এএম
ফেসবুকে প্রেমের পর বিয়ে, ৪ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

মোবাইল ফোনে প্রেমের পর বিয়ে, চার মাসের মাথায়  আত্মহত্যা করেছেন গৃহবধূ। বুধবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শয়নকক্ষ থেকে সুমি আক্তার (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মংলা থানার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সাথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নানের (১৬) ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেম গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয় পরিবার তাদের বিয়ে মেনে নিলে গত ৪-৫ মাস ধরে তারা মান্নানের বাড়িতেই সংসার করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী দক্ষিণ দুয়ারী টিনের ঘরে ঘুমাতে যান। বুধবার ভোর আনুমানিক ৫টার মধ্যে কোনো এক সময়ে সুমি আক্তার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। সকাল ৮টা ৩০ মিনিটের দিকে স্বামী ফেরদৌস মিয়া ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, গত ৫-৬ দিন ধরে  ওই গৃহবধুর  সাথে ছেলের পরিবারের  পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে, যার কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে  সুমি আক্তার আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাইম  ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এম

Link copied!