ছবি: প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন-অর-রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ধাপে ১২০১ জন এই কার্ড পেয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কাজ শেষে প্রকৃত সুবিধাভোগীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে “ফ্যামিলি কার্ড: স্বপ্ন নয়, বাস্তবতা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর পর্যায়ক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সুবিধাভোগীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড অগ্রণী ভূমিকা রাখবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রকৃত অভাবী মানুষের অধিকার সুরক্ষা করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করে পাংশা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন রাজবাড়ী।
এসএইচ







































