• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬, ০৭:৩৪ পিএম
বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

বরিশাল নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় ফেরদৌসি বেগম জোসনা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাটারিচালিত একটি রিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশাচালকসহ দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরের সিএন্ডবি ১ নম্বর পোল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম জোসনা সিএন্ডবি পোল বাগানবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের রুপাতলী টার্মিনালের দিকে আসা আকিজ ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেডের কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ করে। রিকশাটি আমতলার মোড়ের দিক থেকে থানা কাউন্সিলের দিকে যাচ্ছিল এবং ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের ফলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসি বেগম জোসনা মারা যান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যান এবং ক্ষতিগ্রস্ত রিকশা জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!