ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচিতে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জীবননগর পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে জামায়াত সমর্থক সোহাগের সঙ্গে হাসাদাহ এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদির বিরোধ চলছিল। ওই রাতেই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী সংগঠিত হয়ে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে জামায়াতের চারজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় বিএনপির দুজনও আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে হাফিজুর রহমানকে সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তিনি মারা যান। এ ছাড়া তাঁর ছোট ভাই বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মফিজুর রহমানের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজ হোসেন ও নায়েবে আমির সাখাওয়াত হোসেন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
দুই সহোদরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
এসএইচ







































