আদালত প্রাঙ্গণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু-কে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে’ বলা ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বরত দুই কনস্টেবলকে ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত দুই সদস্য শৃঙ্খলাবহির্ভূত আচরণ করেছেন, যা বিচারিক পরিবেশের জন্য অনভিপ্রেত। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়।
সূত্র জানায়, আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় ওই দুই পুলিশ সদস্য আসামির সঙ্গে অপ্রাসঙ্গিক ও অনুচিত মন্তব্য করেন। এমন আচরণ ট্রাইব্যুনালের নিরাপত্তা ও কার্যক্রমের নিরপেক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
এ ঘটনায় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আদালতের শৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে বর্তমানে বিচারাধীন রয়েছেন হাসানুল হক ইনু। মামলার শুনানি অব্যাহত রয়েছে এবং নির্ধারিত তারিখে পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এম







































