• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিশু ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 


পিরোজপুর প্রতিনিধি  মার্চ ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
শিশু ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল ও র‍্যাব-১১, নরসিংদীর যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর জেলার পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর জেলার সিকদার মল্লিক এলাকার বাসিন্দা ছোবহান হাওলাদারের ছেলে। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মামুন হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটির জি আর নং ৯৩/২০১৭ এবং মামলা নং ০৮, তারিখ ১২ মে ২০১৭। শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৪/৫০৬ ধারায় দায়ের করা মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে। 

রায়ে আদালত তাকে মোট ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

র‍্যাব-৮, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পিএস

Wordbridge School
Link copied!