• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


বগুড়া প্রতিনিধি মার্চ ১৯, ২০২৬, ১২:৫৪ পিএম
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ছবি : প্রতিনিধি

বগুড়া: বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে দেড় বছর বয়সী এক কন্যা শিশু। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল-এ নেওয়া হচ্ছে।

ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন এবং গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ জন্য বগুড়ার জেলা প্রশাসক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গেও যোগাযোগ করে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসার সব ব্যয়ভারও গ্রহণ করেছেন তিনি।

জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাসে ১২ জন যাত্রী ছিলেন। শেরপুর এলাকায় পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান  জানান, নিহতদের মরদেহ কাউনিয়াতে নেওয়া হয়েছে এবং সেখানেই তাদের দাফন সম্পন্ন হবে। পরিবারটি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

পিএস

Wordbridge School
Link copied!