• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিভিন্ন খাতের ভাতা নির্ধারণ করে পরিপত্র জারি


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২৬, ০৬:০৬ পিএম
বিভিন্ন খাতের ভাতা নির্ধারণ করে পরিপত্র জারি

ফাইল ছবি

অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) আয়োজিত সরকারি সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানির হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা এই পরিপত্রে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

পরিপত্রে বলা হয়েছে, সরকারের পরিচালন বাজেটের আওতায় অনলাইনে আয়োজিত সেমিনার বা কর্মশালার জন্য এই নতুন সম্মানি হার নির্ধারণ করা হয়েছে, যা জারির তারিখ থেকেই দেশজুড়ে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানের সঞ্চালক পাবেন ৪ হাজার টাকা। একই হারে অর্থাৎ জনপ্রতি ৪ হাজার টাকা করে সর্বোচ্চ তিনজন আলোচককে এই সম্মানি দেওয়া যাবে। এ ছাড়া র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য সম্মানির হার জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ দুজনকে এই অর্থ দেওয়া যাবে। অন্যদিকে, সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ হাজার টাকা করে সম্মানি প্রদানের বিধান রাখা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, অনলাইনে আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সংক্রান্ত অর্থ বিভাগের ২০২১ সালের ২৫ আগস্টের পুরোনো স্মারকটি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে সব অনলাইন সেমিনার ও কর্মশালার ব্যয় এই নতুন পরিপত্র অনুযায়ী নির্বাহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইনভিত্তিক সরকারি সভা, সেমিনার ও কর্মশালার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাস্তবতা বিবেচনা করে এই সম্মানির হার পুনর্বিন্যাস করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনভিত্তিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণকারীদের উৎসাহ আরও বাড়বে বলে আশা করছে সরকার।

এসএইচ 

Link copied!