• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মানহানির অভিযোগে সানজিদা ইভার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২৩, ২০২৬, ০২:৩৬ পিএম
মানহানির অভিযোগে সানজিদা ইভার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: মানহানির অভিযোগ এনে সাবেক ছাত্রলীগ নেতা হুজ্জাতুল ইসলাম এবং সানজিদা সুলতানা ইভার বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় নেত্রী সাদিয়া আফরিন। 

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি  করা হয়েছে। মামলায় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ জুন সানজিদা সুলতানা ইভা চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যেখানে অভিযোগ করা হয়, গত ১৪ জুন জিইসি মোড়ের হোটেল পেনিনসুলা চিটাগাংয়ের টপ ফ্লোরে সাদিয়া আফরিন তাকে ডেকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাদীপক্ষ। তাদের দাবি, চকবাজার থানা পুলিশ হোটেল পেনিনসুলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অভিযোগের সমর্থনে কোনো নির্ভরযোগ্য তথ্য পায়নি।

মামলায় আরও বলা হয়েছে, পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে সাদিয়া আফরিন ও এস এম সুজা উদ্দীনের ছবি ব্যবহার করে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আনা হয়, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া মামলার আবেদনে হুজ্জাতুল ইসলামের বিরুদ্ধে বাদীপক্ষের একজন স্বজনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এ সংক্রান্ত অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হোটেল পেনিনসুলার ওজন বার অ্যান্ড লাউঞ্জের বিলের কপিতে দেখা যায়, ওই টেবিলে পরিবেশন করা হয়েছিল এক প্যাকেট বেনসন সিগারেট, চারটি মাটন পায়া, চারটি গার্লিক নান, দুটি চিকেন প্রন, একটি মিনারেল ওয়াটার, একটি বানানা স্মুদি, চার কাপ কফি এবং একটি ক্লাসিক কোক।

ভ্যাট ও সার্ভিস চার্জসহ মোট বিল ছিল ৮ হাজার ৩১৬ টাকা। বিলের কপিতে কোনো অ্যালকোহলিক পানীয়ের উল্লেখ পাওয়া যায়নি বলে দাবি করেছে সাদিয়া আফরিন। সিসিটিভি ফুটেজেও অভিযোগে উল্লেখ করা ধরনের কোনো আপত্তিকর দৃশ্য পাওয়া যায়নি বলে দাবি করেছেন সাদিয়া আফরিন।

সাদিয়া আফরিনের করা মামলার তদন্তভার আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে দেওয়া হয়েছে। মামলায় সানজিদা ইভা ও হুজ্জাতের পাশাপাশি দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পিএস

Link copied!