• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উপবন এক্সপ্রেসে আগুন, তিন ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক


জেলা প্রতিনিধি মার্চ ৩১, ২০২৬, ০৯:৫৮ এএম
উপবন এক্সপ্রেসে আগুন, তিন ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে ইঞ্জিন ত্রুটি ও আগুনের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামের কাছে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিঘ্নিত হয়। এতে কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েন।

পরে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়। সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে টেনে শমশেরনগর রেলস্টেশনে নেওয়া হয়। এর পরপরই ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে দীর্ঘ সময় আটকে থাকায় উপবন এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকেই জানান, কখন ট্রেনটি পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা।

এম

Wordbridge School
Link copied!