• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাহসিফ হত্যায় চাঞ্চল্যকর তথ্য দিলেন বান্ধবী দিশা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৬, ০৮:০১ পিএম
তাহসিফ হত্যায় চাঞ্চল্যকর তথ্য দিলেন বান্ধবী দিশা

ফাইল ছবি

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই দফার রিমান্ড শেষে বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত শনিবার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিশা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ঘটনার আগের দিন গত ২৭ অক্টোবর রাতে তিনি তাহসিফের সঙ্গে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান।

এর আগে সন্ধ্যায় একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকস খাওয়া এবং মোটরসাইকেল গ্যারেজে যাওয়ার পাশাপাশি তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির কথা স্বীকার করেছেন তিনি। তবে তিনি চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন ও নীরবতা পালন করেছেন।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার অপর সন্দিগ্ধ ব্যক্তি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশার দেওয়া বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে। এছাড়া তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের প্রমাণ মিলেছে।

প্রাথমিক তদন্তে এই ঘটনায় দিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন এবং তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। মামলার মূল রহস্য উন্মোচন ও জড়িত অন্যদের শনাক্ত করতে ভবিষ্যতে তাকে আবারও রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগের দিন ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগে দীপকেও বিভিন্ন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএইচ 

Link copied!