ছবি: প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা-এ পুলিশের অভিযানের সময় ধরা পড়া এক মাদক কারবারি ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন ওই ব্যক্তির নাম সানোয়ার হোসেন (৩৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামার সংকেত দেওয়া হয়। তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক অবস্থায় কৌশলে তিনি প্রায় ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। কিছু সময় পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে আরও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় তাকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































