• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৌরনদীর হেলিপ্যাডে প্রকাশ্যে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৫৪ পিএম
গৌরনদীর হেলিপ্যাডে প্রকাশ্যে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা-এর একমাত্র সরকারি হেলিপ্যাড মাঠকে কেন্দ্র করে প্রকাশ্যে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে আশোকাঠী হেলিপ্যাড এলাকার বেঁদে সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি হুমকির মুখে পড়েছে বোরো ধান ও পানবরজ।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত কিছু ঠিকাদারের অবহেলায় হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা হচ্ছে। পরিবেশবিধি উপেক্ষা করে এভাবে বর্জ্য ফেলার কারণে এলাকায় দূষণের মাত্রা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

হেলিপ্যাডের উত্তর পাশে বিস্তীর্ণ জমিতে রোপিত বোরো ধান ও পানবরজে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান কৃষকরা। তাদের অভিযোগ, দূষণের কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও কার্যকর নজরদারি নেই। এতে শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের ওপরও ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আশোকাঠী হেলিপ্যাড মাঠ এলাকায় এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মো. ইব্রাহীম। তিনি বলেন, বিষয়টি আগে জানানো হয়নি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!