• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিন্দুদের জমি দখলের চেষ্টা না করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৪৩ পিএম
হিন্দুদের জমি দখলের চেষ্টা না করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের জমি দখল বা কোনো ধরনের অনিয়ম না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, তাই এখন থেকেই হিন্দু ভাইদের জমি দখলের চেষ্টা করা যেতে পারে। এই ধরনের চিন্তাও যেন কেউ না করে, বাস্তবে করার তো প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের ভোট যেমন নেতাদের ভোটের মতোই মূল্যবান, তেমনি মানুষের মন জয় করাই রাজনৈতিক দায়িত্ব। আগামী দিনগুলোতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

বিগত সময়ের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেসব ভুল হয়েছে, তার জন্য অনেক ক্ষেত্রেই তাকে ব্যাখ্যা ও ক্ষমা চাইতে হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ দেখা যায়।

এসএইচ 

Link copied!