বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে কোরাল ও পাঙ্গাস মাছ। ব্যতিক্রমী এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে এবং আয়োজনটি প্রশংসিত হয়েছে সর্বমহলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হলেও ইলিশের পরিবর্তে দেওয়া হয় কোরাল ও পাঙ্গাস মাছ। উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে ধরা বড় আকারের মাছ দিয়েই এই আয়োজন করা হয়। পাশাপাশি বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।”
ইলিশের পরিবর্তে কোরাল-পাঙ্গাস পরিবেশনের কারণ জানতে চাইলে তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নদী ও সাগরে মাছ ধরা সাময়িকভাবে বন্ধ থাকায় ইলিশের সরবরাহ নেই। তাই স্থানীয়ভাবে পাওয়া মাছ দিয়েই এই আয়োজন করা হয়েছে।
উপজেলার সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে এ আয়োজন উপভোগ করেন এবং ভিন্নধর্মী এই উদ্যোগকে স্বাগত জানান।
এম







































