• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬, ০৭:১৭ পিএম
অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বান্ধবীর সঙ্গে অটোরিকশায় করে যাওয়ার সময় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জেসমিন আক্তার রিতু নামের এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি কবিরাজ মোড় এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বান্ধবীর সঙ্গে অটোরিকশায় যাওয়ার সময় হঠাৎ তার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে প্রাইভেট পড়তে বের হলেও বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার খবর পান স্বজনরা। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছগির উদ্দিন জানান, রিতু তাদের প্রতিষ্ঠানের আলিম পরীক্ষার্থী ছিলেন এবং ঘটনার কথা শোনার পর তিনি শিক্ষার্থীর বাড়িতে যাচ্ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ 
 

Link copied!