• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড


ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬, ০৫:৫২ পিএম
ময়মনসিংহে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল (২০) হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধে সহায়তার দায়ে দুই নারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদালতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহমেদ, মো. ইউনুছ আলী এবং শামছুল হক। মৃত্যুদণ্ডের সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুন। তাদের প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে তারাকান্দা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহিনুর আলম ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় ইকবালের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে  অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি দ্রুত এই রায় কার্যকর হবে।

অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

পিএস

Link copied!