• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু


বরিশাল প্রতিনিধি মে ১৭, ২০২৬, ০১:৫১ পিএম
বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন ২২ জন।

রোববার (১৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সবশেষ মারা যাওয়া শিশুটি পটুয়াখালী সদরের বড় বিঘাই এলাকার বাসিন্দা মো. কাওসার হোসেনের সাত মাস বয়সী মেয়ে নুসাইবা। শনিবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৬ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১৯৫ জন।

হামের প্রকোপ বাড়তে থাকায় শেবাচিম হাসপাতালে তিনটি কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে নতুন করে আরও একটি হাম ওয়ার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে বরিশাল জেনারেল হাসপাতালেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬১৫ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম জানান, মার্চ মাস থেকে বিভাগে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে। তবে ইতোমধ্যে শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পিএস

Link copied!