ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে।
শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
সমাবেশে তারেক রহমান বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।
রামিসা হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে ভাবে না। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।
তিনি বলেন, যারা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা তলে তলে সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে।
পিএস







































