• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু


নওগাঁ প্রতিনিধি জুলাই ২৬, ২০২৬, ০৮:১৫ পিএম
খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি : প্রতিনিধি

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন।

ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় জলাশয় থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই লাশের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পিএস

Link copied!