ছবি : সংগৃহীত
ঢাকা: দেশে বৃষ্টির পূর্বাভাস থাকলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে বাড়ছে গরমের দাপট। এতে করে অস্বস্তিতে পড়েছেন রাজধানীবাসীসহ দেশের সাধারণ মানুষ।
শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের বেলা মেঘহীন আকাশে সূর্যে টানা রোদের কারণে গরমের মাত্রা অতিরিক্ত অনুভূত হচ্ছে। এতে হাসফাস পরিস্থিতি তৈরি হয়েছে জনজীবনে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রোববার (৩১ মে) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের অন্য এক সতর্ক বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও কোনো ধরণের ঝড়ের আভাস নেই।
পিএস







































