• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুক আইডি ব্লক করায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


চট্টগ্রাম প্রতিনিধি মে ৩০, ২০২৬, ০৩:০৩ পিএম
ফেসবুক আইডি ব্লক করায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি : প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক আইডি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল (৩৫) স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একটি ফেসবুক আইডি ব্লক করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাফর ধারালো অস্ত্র দিয়ে জয়নালকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের এমন পরিণতি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একটি তুচ্ছ বিষয় কীভাবে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিতে পারে, এ ঘটনা তারই উদাহরণ। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।”

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, “ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পিএস

Link copied!