• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ


ঝালকাঠি প্রতিনিধি  জুন ৫, ২০২৬, ০৬:৪৮ পিএম
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে নলছিটি উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ, চঞ্চল হোসেন, মামুন হাওলাদার এবং শহীদ ওসমান হাদির ছোট ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।

বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণে ওসমান হাদি হত্যার শিকার হয়েছেন বলে তাদের ধারণা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বক্তারা দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে। এ কারণে জাতিসংঘের অধীনে স্বাধীন তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার কারণ জনগণের সামনে তুলে ধরা উচিত। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তারা মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পিএস

Link copied!