ফাইল ছবি
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) কর্তৃক মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত সুপারিশ বিধিমালার পরিপন্থী হওয়ায় ডিএসইর নিকট ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০২২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনায় কমিশনের দৃষ্টিগোচর হয় যে, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০’ এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্যাদি যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন সনদ নবায়নের পক্ষে ইতিবাচক (পজিটিভ) সুপারিশ প্রদান করেছে, যা বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।
পরবর্তীতে কমিশন এ বিষয়ে ডিএসইর নিকট ব্যাখ্যা তলব করলে, ডিএসই ফরম ‘ছ’ পূরণসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করলেও উক্ত প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ প্রদান করেনি। এ প্রেক্ষিতে, ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট (নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে) সুপারিশ প্রদান করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসঙ্গে, ব্যাখ্যা তলবের পত্র প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেড-এর নিবন্ধন সনদ নবায়ন বিষয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে প্রেরণের জন্য ডিএসইকে নির্দেশনা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এএইচ/পিএস


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




