ছবি : প্রতিনিধি
শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গৃহবধুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আচুরা এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি বেপারী (২৮), আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) এবং মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকার আজিজ ঢালীর বাগানে ভুক্তভোগী নারীর স্বামীকে ডেকে নিয়ে যান হযরত আলী খন্দকার। সেখানে পৌঁছানোর পর হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী, ইমন খন্দকারসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে বেঁধে রাখেন বলে অভিযোগ রয়েছে।
এরপর ভুক্তভোগী নারীকে তার স্বামীকে দিয়ে মোবাইল ফোনে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত হযরত আলী খন্দকারের স্ত্রীর সঙ্গে ভুক্তভোগী নারীর স্বামীর কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজন এবং তাদের সহযোগী একজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তের স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পিএস


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




