• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’, ঋণের টাকায় রাঙালেন নিজের ভ্যান


ময়মনসিংহ প্রতিনিধি জুন ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম
আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’, ঋণের টাকায় রাঙালেন নিজের ভ্যান

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভ্যানচালক সুমন গৌড় (৩৫)। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি নিজের ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন, পাশাপাশি এলাকায় টানিয়েছেন একাধিক বড় পতাকা। পরনে থাকে আর্জেন্টিনার জার্সি—এমনকি লুঙ্গিও মিলিয়ে নিয়েছেন একই রঙে।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন সুমন। পেশায় ভ্যানচালক হলেও ফুটবল বিশ্বকাপ এলেই তার মধ্যে দেখা যায় আর্জেন্টিনা-উন্মাদনা। দীর্ঘদিন ধরেই দলটির সমর্থক হওয়ায় স্থানীয়রা তাকে ‘সুমন মেসি’ নামেই ডাকেন, আর এই নামেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সম্প্রতি বিশ্বকাপকে সামনে রেখে একটি ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নেন সুমন। সেই অর্থ দিয়েই তিনি নিজের উপার্জনের একমাত্র বাহন ভ্যানগাড়িটি সাজানোর পাশাপাশি এলাকায় ১৬টি আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন। শুধু তাই নয়, খেলা উপলক্ষে সমর্থকদের আপ্যায়নেরও পরিকল্পনা করছেন তিনি।

তবে সুমনের এই কর্মকাণ্ডে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার। স্ত্রী আরতি গৌড় জানান, অভাবের সংসারে এমন খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

এ বিষয়ে সুমন গৌড় বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা তার প্রিয় দল, আর লিওনেল মেসির প্রতি রয়েছে গভীর ভালোবাসা। সেই আবেগ থেকেই ঋণ নিয়ে হলেও তিনি দলকে সমর্থন করছেন। তার ভাষায়, “দলকে ভালোবাসি বলেই এসব করেছি। ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ভালো লাগে।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, সুমনের এই ভালোবাসা প্রশংসনীয় হলেও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এমন উদ্যোগ না নেওয়াই ভালো ছিল। তাদের মতে, সমর্থন থাকলেও ঋণ করে এমন ব্যয় করা ঠিক নয়।

তবুও সব সমালোচনার মাঝেই নিজের মতো করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন ‘সুমন মেসি’, যা ইতোমধ্যেই এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

পিএস

Link copied!