ছবি: প্রতিনিধি
ঝালকাঠি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। দীর্ঘ ১৪ বছরেও সংস্কার না হওয়ায় এবং চরম ভোগান্তির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার বিকেলে শহরের কবিরাজ বাড়ি এলাকায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
স্থানীয় সূত্র জানায়, শহরের কবিরাজ বাড়ি এলাকার খামারবাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটিতে হাঁটুসমান পানি জমে যায়, এমনকি সেই পানি আশপাশের বসতবাড়িতেও ঢুকে পড়ে। ২০১২ সালে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর কেটে গেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। চরম বেহাল দশা ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে তাঁদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
কর্তৃপক্ষ কোনো ভূমিকা না নেওয়ায় সোমবার বিকেলে এলাকাবাসী সড়কের পানিতে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার বক্তব্য দেন। তাঁরা দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের জন্য এরই মধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের টাকা এসআইবিএল ব্যাংকে জমা রাখা হয়েছিল। ব্যাংক থেকে টাকা দিতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কাজ শুরু করতে পারছে না। তবে প্রকল্পটির মেয়াদ শেষের পথে থাকায় ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।
এসএইচ







































