• ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কিশোরীর বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা


নাটোর প্রতিনিধি জুলাই ২৪, ২০২৬, ০৫:৩৯ পিএম
কিশোরীর বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধূপাইল গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ১৭ বছর বয়সী এক কিশোরের বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানার প্রসিকিউশনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর আওতায় কনের বাবা মো. আসাদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

এদিকে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার অপচয় না করে মানবিক উদ্যোগ হিসেবে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। পরে তিনি খাবারগুলো স্থানীয় একটি এতিমখানায় পৌঁছে দেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিয়ে একটি দণ্ডণীয় অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পিএস

Link copied!