• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: নাটোরে হুইপ দুলু


নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:৩৭ পিএম
শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: নাটোরে হুইপ দুলু

ছবি: প্রতিনিধি

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সদ্য ঘোষিত বাজেটে শিক্ষা খাতে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত্তির ওপর নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, নতুন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, কোনো জাতিকে পঙ্গু করতে হলে প্রথম আঘাত হানা হয় তার শিক্ষাব্যবস্থায়। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নতুন প্রজন্মকে অদক্ষ ও অনগ্রসর করে রাখার চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, মাধনগর ইউনিয়নের সাবেক সভাপতি মো. মাতেনূর রহমান মৃধা এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসএইচ 

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!