• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে বিশেষ অভিযান: ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২৩


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  অক্টোবর ৯, ২০২৬, ০৫:৪২ পিএম
ঈশ্বরদীতে বিশেষ অভিযান: ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২৩

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারের নেতৃত্বে অভিযানে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পিএস

Link copied!